ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপিলের সুযোগ থাকায়, সেটি নিষ্পত্তি তথা চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম চালাতে চায় প্রতিষ্ঠানটি। এজন্য সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে আদ্-দ্বীন।
বৃহস্পতিবার রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ৬টি নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ প্রতাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকার আদ্-দ্বীনকে সুযোগ দিবে।
এতে আরও জানানো হয়েছে, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল মগবাজার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাংখিত ঘটনার পরেও সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান। বর্তমানে ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে এবং আজ প্রায় একহাজার রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়েছে। এছাড়া এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছে।