সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি এক প্রশ্নে জানতে চাইলেন, ‘ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোলট্রি ও ফিশ ফিড ক্যানসারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বা নেবে কি-না।’ গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের কাছে তিনি এই প্রশ্ন রাখেন।
জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ‘বিষয়টি সম্পূর্ণ সত্য’ উল্লেখ করে বলেন, বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ক্রোমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু ব্যবহার করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী এসব বিষাক্ত চামড়ার বর্জ্য ব্যবহার করে কম খরচে পোলট্রি ও মাছের খাদ্য তৈরি করে থাকে।
মন্ত্রী জানান, এ ধরনের খাদ্য খাওয়ানো মুরগির মাংস ও ডিমে বিষাক্ত ‘হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম’ জমা হয়, যা রান্নার তাপেও নষ্ট হয় না। এই মুরগি বা মাছ মানবদেহে প্রবেশ করলে তা থেকে ক্যানসার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি নষ্ট হওয়ার মতো মারাত্মক জটিল রোগের ঝুঁকি তৈরি হয়। এ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, হান্টাভাইরাস সংক্রমণের আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনায় সরকার সীমান্তে স্বাস্থ্য নজরদারি জোরদার, যাত্রীদের স্ক্রিনিং, রোগী শনাক্তকরণ ও চিকিত্সা প্রস্তুতি বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং জরুরি সাড়া প্রদানের সক্ষমতা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
সরকারি হাসপাতালে ৯৪০৭টি চিকিত্সকের পদ শূন্য
বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিত্সকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে শূন্য পদ ৯ হাজার ৪০৭টি। নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি এবং স্বাস্থ্যকর্মীর ২৬ হাজার ৫৪৪টি অনুমোদিত পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।
যশোর-৪ আসনের গোলাম রসুলের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন জানান, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিত্সকের ১৩ হাজার ২১১টি পদের বিপরীতে কর্মরত আছে ৭ হাজার ৪২৯ জন। পদ শূন্য রয়েছে ৫ হাজার ৭৮২টি।
ট্যানারির বিষাক্ত বর্জ্য
নার্সের ১৩ হাজার ৮০৯টি পদের মধ্যে ১২ হাজার ১৪৬ জন কর্মরত আছেন। নার্সের শূন্য পদ ১ হাজার ৬৬৩টি। অন্য কর্মচারীদের ৩ হাজার ১৮৬টি পদের বিপরীতে কর্মরত ২ হাজার ১২০ জন, শূন্য পদ ১ হাজার ৬৬টি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিত্সকের ১ হাজার ১৩৪টি পদের মধ্যে ৬৪৪ জন কর্মরত এবং ৬৭০টি পদ শূন্য রয়েছে। মিডওয়াইফের ১ হাজার ৩১২টি পদের মধ্যে কর্মরত ৭৪৬ জন এবং শূন্য পদ ৪৬৬টি। অন্য কর্মচারীদের ২ হাজার ৬২৭টি পদের মধ্যে কর্মরত ১ হাজার ৬৮২ জন এবং শূন্য পদ ৯১৫টি। সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিত্সকের ৩ হাজার ১৬৭টি পদের মধ্যে শূন্য পদ ১ হাজার ৭০৭টি। স্যাকমো ৩ হাজার ১৬৫টি পদের মধ্যে কর্মরত ১ হাজার ৬৪৫ জন এবং শূন্য পদ ১ হাজার ৫২০টি।
সংরক্ষিত আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বছরে ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষুধ সরবরাহ করা হয়।
চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই। দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এই আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না।