দেশের সীমান্ত পরিস্থিতি, পুশইন ইস্যু এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, সীমান্তের শূন্যরেখায় পুশইনের শিকার মানুষেরা বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা একেবারেই অপ্রতুল।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত সংক্রান্ত বক্তব্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন নাসীরুদ্দীন।
পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে এই নতজানু ভূমিকা থেকে সরে এসে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের বক্তব্যও প্রত্যাখ্যান করেন।
পুশইন মোকাবিলায় সরকারকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিবিজি) আরও শক্তিশালী করার তাগিদ দেন তিনি।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্তে জনগণের নাভিশ্বাস উঠেছে।
সার্বিক পরিস্থিতি ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুন একযোগে চট্টগ্রামে সমাবেশ এবং রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ভিনদেশের স্বার্থ চরিতার্থ করতে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান হামিদুর রহমান আযাদ।