ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া বটতলা গ্রামে বিয়ে বাড়িতে গোস্তের ডিশ চুরির ঘটনা নিয়ে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোমবার (৮ জুন) বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া বটতলা গ্রামের বাসিন্দা লাবলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে।
এ ঘটনায় গুরুতর আহত সোহরাব মাতুব্বর, তার স্ত্রী মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আরো একজন আরিফ মাতুব্বরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেওড়া গ্রামের লাবলু শেখের মেয়ের বিয়ের দিনক্ষণ চুড়ান্ত হওয়ায় সোমবার মেয়ের বাড়িতে নিমন্ত্রিত গ্রামবাসী ও বরপক্ষকে খাওয়াতে প্যান্ডেলসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।
গ্রামের নিমন্ত্রিত অতিথিদেরকে বরপক্ষের আগে খাওয়ানোর সময় স্থানীয় কতিপয় যুবক টেবিলে বসে খাবার সময়ে মাংসের একটি ডিশ পায়ের নিচে লুকিয়ে রাখে। এ ঘটনা নিয়ে যুবকদের সাথে চরম হট্টগোল বাঁধে অতিথি আপ্যায়নকারী টিম সদস্য ও বিয়ে বাড়ির লোকজনের।
উত্তেজনার পরিস্থিতির তীব্র মুহূর্তে খাবার থালা, গ্লাস ছুড়াছুরির সাথে ভাংচুর করা হয় টেবিল ও চেয়ার। নষ্ট করা হয় বর পক্ষকে খাওয়ার জন্য ডেকচির বিবিধ খাবার আইটেম।
এ বিষয়ে এলাকার তৈয়ব আলী মাতুব্বর জানান, বিয়ে বাড়িতে মাংস চুরির ঘটনা নিয়ে ইউনুস, হান্নান ও হযরত মাতুব্বরের নেতৃত্বে এহামলার ঘটনা ঘটে। এতে দু'পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানান।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি পুলিশের জানা নেই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।