Image description

সরকারি টেন্ডার প্রক্রিয়া ই-জিপিতে (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) অযোগ্য ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন।

সোমবার (৮ জুন) সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা শক্তিশালী প্রোফাইলের কারণে সহজেই কাজ পেয়ে যাচ্ছেন। এতে প্রকৃত অভিজ্ঞ ও যোগ্য ঠিকাদাররা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে এসব কাজ একাধিক ধাপে বিক্রি হয়ে শেষ পর্যন্ত অযোগ্য ব্যক্তিদের হাতে যাচ্ছে, যার ফলে নিম্নমানের নির্মাণকাজ হচ্ছে।

আইন পর্যালোচনার আশ্বাস

এ বিষয়ে জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং আইন পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সঠিক ও যোগ্য ব্যক্তিরা যাতে কাজ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় পরিবর্তন বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় ঠিকাদারদের প্রাধান্যের দাবি

সংসদ সদস্য আশরাফ উদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন প্রকল্পগুলোতে স্থানীয় ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। তার মতে, বাইরের ঠিকাদারদের কারণে অনেক সময় প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেখা দেয়।

মন্ত্রী জবাবে জানান, এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়।

মাঠ ও পার্ক দখলমুক্ত করার দাবি

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লীলুফার চৌধূরী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত করার দাবি জানান।

তিনি বলেন, একসময় শিশু-কিশোরদের খেলাধুলার স্থান হিসেবে ব্যবহৃত এসব মাঠ এখন দখল, মাদক ও অবৈধ কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠেছে।

জবাবে মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বেশিরভাগ মাঠ ও পার্ক ইতোমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো উন্নয়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানীতে মোট ২৫৬টি পার্ক ও খেলার মাঠ রয়েছে, যেগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার কাজ চলছে।

শীর্ষনিউজ