Image description

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে উদ্ধার করা হয় সাপ দুটি।

গতকাল রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে এই অভিযান। সাপ দুটি পরে হস্তান্তর করা হয় বন বিভাগের সদর রেঞ্জের কাছে।

আজ সোমবার দুপুরে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানিয়েছেন এসব তথ্য। তিনি বলেছেন, গতকাল বিকালে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত কার্যালয়ে ডিআইজির কক্ষে তিনটি সাপ ঢুকে পড়ার খবর পান।

‘প্রথমে সাপের সন্ধানে কক্ষের ছাদের পার্টিশন খুলতে হয়। সেখানে সাপ না পাওয়ায় দেয়ালের একটি অংশ ভাঙা হয়। পরে দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়।’

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানিয়েছেন, সাপ দুটিকে আজ অবমুক্ত করার পরিকল্পনা আছে।

কার্যালয়ের চারপাশে ঝোপঝাড় থাকায় সেখান থেকেই সাপ দুটি ভবনে প্রবেশ করে থাকতে পারে বলে মনে করছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।