পাইলট প্রজেক্টের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই প্রকল্পের আওতায় থাকবে।
সে পরিপ্রেক্ষিতে আগামী জুলাই-আগস্ট থেকেই শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হবে এবং ২০২৭ সালের জানুয়ারিতে পুরোদমে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে। তবে কার্যক্রম কয়েক ধাপে শেষ করা হবে।
তিনি জানান, প্রথম ধাপে অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে এসব সামগ্রী বিতরণের মাধ্যমে পাইলট প্রজেক্টের যাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থীদের কাছে সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রজেক্টের পুরো কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ২৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় এই পাইলট প্রজেক্টের আওতায় থাকবে।
পাইলট প্রজেক্টের অভিজ্ঞতা ও ফলাফলের ওপর ভিত্তি করে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে সামগ্রী বিতরণ শুরু হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করতে পারেন বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।