Image description

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এখন পূর্ণাঙ্গ ও লাভজনক আধুনিক পেশা। অনেকে এটিকে পেশা হিসেবে নিয়ে সফল হয়েছেন। এবার দেশের বিনোদন, শিক্ষা, প্রযুক্তি ও তথ্যভিত্তিক কনটেন্ট ক্রিয়েটরদের শহজ শর্তে ঋণ দেওয়াসহ চারটি দাবি জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ।

 

রোববার (৭ জুন) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।

 

পোস্টে স্বপন আহমেদ লেখেন, মাননীয় সরকারের নিকট অনুরোধ, আমরা যারা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মিডিয়া কর্মী হিসেবে দেশের বিনোদন, শিক্ষা, প্রযুক্তি ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখছি, তাদের জন্য কিছু বিশেষ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাই।

 

স্বীকৃতি চেয়ে চার দাবি

১. কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের জন্য সহজ শর্তে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ-সুবিধা চালু করা হোক, যাতে তারা উন্নত মানের স্টুডিও, প্রযুক্তি, সরঞ্জাম ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।

 

২. দেশের স্বীকৃত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সরকারি নিবন্ধন ও সার্টিফিকেশন ব্যবস্থা চালু করা হোক, যাতে তারা আনুষ্ঠানিক পরিচয় ও স্বীকৃতি পান।

 

৩. সাংবাদিকদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও একটি বিশেষ পরিচয়পত্র (আইডি কার্ড) ও সার্টিফিকেট প্রদান করা হোক, যা তাদের পেশাগত পরিচয় বহন করবে।

 

৪. দেশের উন্নয়ন, সংস্কৃতি, শিক্ষা ও ইতিবাচক বার্তা প্রচারে অবদান রাখা কন্টেন্ট ক্রিয়েটরদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হোক।

 

আহ্বান জানিয়ে স্বপন আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।