শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
এ সময় মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান তিনি।
কার্য উপদেষ্টা কমিটির সভায় উপস্থিত অন্য সদস্যরাও এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।