কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়া কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত ৪ জুন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
সিরাজুল ইসলাম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন।
অফিস আদেশে বলা হয়, কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়া এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরুর সিদ্ধান্তের পর এ পদক্ষেপ নেয়া হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, তিনি কর্মক্ষেত্রে নিজের দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মো. সিরাজুল ইসলামকে ঘুষ গ্রহণের বিষয়ে মন্তব্য করতে দেখা যায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি দাবি করেন, তিনি ঘুষ নেন, তবে কাউকে বাধ্য করেন না; কেউ স্বেচ্ছায় যা দেন, সেটিই গ্রহণ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজস্ব প্রশাসনসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ভিডিওটি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে সরিয়ে ফেলা হলেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকে। এ ছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।
শীর্ষনিউজ