Image description
বিমানবন্দরে অগ্নিকাণ্ড

বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের পাশে একটি কন্টেইনারের ভেতরে এবং পাশে থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীম সামাদ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর ঘাটি এ কে খন্দকার থেকে সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় এসব তথ্য জানিয়েছেন রাগীম সামাদ। তিনি বলেন, এখন কোনো আগুন নেই। তবে সম্ভাব্য অন্য কোনো সূত্র থেকে আগুন আসছে কি না, তা দেখা হচ্ছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ফ্লাইং অপারেশনের কোনো সমস্যা হয়নি। আমাদের অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে রাত ১১টা ২৭ মিনিটে বিমানবন্দরে ৯ নম্বর গেটের মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তখন আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।