Image description

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার কারণে তারা বর্তমানে সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে।

শুক্রবার (৫ জুন) ভোরে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী ও পুরুষসহ ১০ জনকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পাঠানো হয়।

ঘটনার পর নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বাধা দিলে পুশইন হওয়া ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশের কাছাকাছি জিরো লাইনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবি ও স্থানীয়রা অবস্থান নিয়ে পরিস্থিতি নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম।

শীর্ষনিউজ