Image description

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও ভাঙ্গারি ব্যবসায়ী রেজাকুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইনজামুল হক। শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আদালতে।

সিটিটিসি সূত্র জানিয়েছে, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তামার তার চুরি করেন রঞ্জন চন্দ্র। ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান পরিচালনা করে একুশে হল সংলগ্ন ভাঙারি দোকান থেকে রেজাকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকায় অবস্থিত একটি ভাঙারি গুদামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবন থেকে নতুন এক নম্বর ভবন পর্যন্ত টেলিযোগাযোগের কপার কেবল ছিল। এই কেবলের মাধ্যমেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোন নম্বরসহ অন্য গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ সচল রাখা হয়েছিল। ‘দুর্বৃত্তরা’ ভবনের ছাদে কপার কেবল কেটে ফেলায় লাল টেলিফোন নম্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়।