মাত্র আড়াই মাস আগে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল দেশ। সেই শোকের রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে এবার রক্ষা পেয়েছেন বাসের ৩৭ যাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে বাসটি পড়ে যায়। এবার ঘাটে পৌঁছে আগেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র্যাম্পে সজোরে আঘাত করে বাসটি সরাসরি পদ্মায় তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, মুহূর্তের মধ্যে ঘাটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য অনেকের মনে ফিরে আসে গত ২৫ মার্চের ভয়াবহ সেই দুর্ঘটনার স্মৃতি, যখন সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে ২৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেছেন, বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। ঘাটে পৌঁছানোর পর সবাই নেমে যান। পরে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় বাসে শুধু চালক ও তার সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেছেন, নিখোঁজ আছে এমন তথ্য নেই। কেউ দাবিও করেনি। বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না, তারা আগেই নেমে গেছে।
এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।