Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হাম উপসর্গে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় পাগলপ্রায় হয়ে পড়েছে তাদের বাবা-মা। বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু নোমানের মৃত্যু হয়েছে। এর ১৫ দিন আগে তার জমজ ভাই ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বয়স দেড় বছর।

যমজ দুই শিশু ফাহিম ও নোমান উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।

মারা যাওয়া দুই শিশুর বাবা হারুন উর রশিদ বলেন, ‘সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, টিকা দেওয়ার জন্য আমার দুই শিশুকে নিয়ে যাই। তখন টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন, টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারিনি। কিছুদিন পর যমজ দুই ছেলের মধ্যে বড় মো. ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ফাহিমের মৃত্যুর পর ডাক্তাররা বলেন, নোমানের অবস্থা ভালো না। তাকে দ্রুত ঢাকা নিয়ে যান। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাই। সেখানে বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করে সিট না পেয়ে পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই শিশু সন্তানকে হারিয়েছি। মনকে কোনো কিছুতে সান্ত্বনা দিতে পারছি না।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, ‘হাম উপসর্গে মিরসরাইয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এমন রোগীর তথ্য থাকে।’