Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে বিজিবি ১৬- এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ছয় শিশু রয়েছে।

সংবাদ পাওয়ার পর বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে।

বিজিবি আরও জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইন ও প্রচলিত নিয়ম অনুসারে পুশ ইন করা ব্যক্তিদের ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার এবং সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্থানীয় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, বাংলাদেশ ও ভারতের শুন্যরেখায় ওই ২৮ ব্যক্তি অবস্থান করছেন। বিজিবির সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেছে।