Image description

গাইবান্ধার সাঘাটায় ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সুনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ চন্দ্র দাস ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় আকাশে মেঘের ঘনঘটা ও বৃষ্টির আভাস দেখে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা কুড়াতে যান সোহাগ। পরে ছেলেকে সাহায্য করতে তার মা কল্পনা রানীও সেখানে ছুটে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজনে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথেই মা ও ছেলের মৃত্যু হয়।

এদিকে মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, মানুষের মৃত্যু কখন কীভাবে হবে তা কেউ বলতে পারে না। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি দুর্ঘটনা। পুরো গ্রামের মানুষ এই পরিবারটির জন্য শোকাহত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম বলেন, বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই আকস্মিক দুর্ঘটনায় পুরো এলাকায় মাতম চলছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বৃহস্পতিবার (৪ জুন) সকালে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। নিহতদের পরিবারের খোঁজখবর রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।