রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (৪ জুন) দুলা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, এ ঘটনায় তদন্ত চলমান। আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, দুলা মিয়া উপজেলার বালারহাট ইউনিয়নের কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাহিদুল ইসলাম।
এছাড়াও নিহতদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) অ্যালকোহল পানের রাতেই নিজ বাড়িতে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চারজনের মৃত্যু হয়। গত সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। সর্বশেষ বুধবার মারা যান দুলা মিয়া (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।