Image description

আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অধিবেশন ও সংসদ ভবন পরিদর্শন করেছেন জামালপুর থেকে নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এমন বেশ কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।

আজ বুধবার বিকালে এমপি তার ভেরিফায়েড ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন। জাতীয় সংসদ ভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা নিজেই।

ছবিতে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকেও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে। বর্তমানে তিনি হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ দলীয় পদের বিষয়টি স্বীকার করে বলেছেন, ঢাকায় কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে এসেছি। মিটিং ছিল। মিটিং শেষে বেলা ১টার দিকে সংসদ ভবনে গিয়েছিলাম।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।