Image description

কাজের সময় সব রাষ্ট্রকে সম্পৃক্ত করবেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সাধারণ পরিষদের নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ সদরদপ্তরে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

ড. খলিলুর রহমান বলেন, আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হব। আমি আমার কাজের সময় সব সদস্য রাষ্ট্রকে সম্পৃক্ত করব। আমি ব্যক্তিগত মতামতকে পিজিএ হিসেবে আমার কাজে হস্তক্ষেপ করতে দেব না। এছাড়া নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে জাতিসংঘের ওপর আস্থা ফেরানোর জন্য ছয়টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন।

তিনি বলেন, এমন একটা সময়ে জাতিসংঘ তার নবম দশকে প্রবেশ করছে, যখন আমাদের সংস্থা প্রতি আস্থা বিভিন্ন দিক থেকে পরীক্ষার মুখে পড়েছে। সংঘাত আর যুদ্ধের অভিঘাত, যার হাত থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষাই ছিল আমাদের সংস্থার লক্ষ্য। কিন্তু এখনো যুদ্ধ ও সংঘাত অসংখ্য মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের মুখে ফেলছে।

খলিলুর রহমান বলেন, এমন এক সময়ে এসব ঘটছে, যখন বহুপাক্ষিকতা নানাবিধ চাপের মুখে রয়েছে। এবং আর্থিক চাপের মুখে পড়ায় আমাদের সংস্থাটি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘে যেসব দেশের প্রতিনিধিদল ছোট, তাদের জন্য একটি দল তৈরি করাকে নিজের অগ্রাধিকারে রাখব।

তিনি আরও বলেন, পরবর্তী অধিবেশনের সভাপতি হিসেবে, আমি আমার ভিশন স্টেটমেন্টে উল্লিখিত ছয়টি অগ্রাধিকার নিয়ে কাজ করবো। এগুলো হচ্ছে-শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং এসডিজি ত্বরান্বিত করা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত স্থায়িত্ব, মানবাধিকার, মানবিক কর্মকাণ্ড, শরণার্থী ও অভিবাসী, ডিজিটাল গভর্ন্যান্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নবায়নযোগ্য বহুপাক্ষিকতা, ইউএন ৮০ সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন।

এর আগে, এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে হেরে গেছেন সাইপ্রাসের প্রার্থী।

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। চার দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করলো। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান আগামী এক বছর তথা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।