Image description
মুহাম্মদ ইউনূসের বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ জুন) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য একটি জাতীয় গৌরবের মুহূর্ত। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার কূটনৈতিক নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। একইসঙ্গে এটি আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সংহতিতে বাংলাদেশের অব্যাহত অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এর আগে, এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই পদের জন্য বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। চার দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করলো। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে।