রংপুর নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫৫ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১ জুন) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অংঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ফেসবুক পেজ এবং নেতাকর্মীদের আইডিতে ভাইরাল হয় ৫৫ সেকেন্ডর ওই মিছিল।
ভিডিওতে দেখা যায়, রংপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে ১০-১২ জন মিছিল করছে। এরমধ্যে তিনজন ছাড়া সবার মুখে মাস্ক পরা। প্রায় সবার মাথায় ক্যাপ।
মিছিলটির ব্যানারে লেখা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ব্যানারে শেখ হাসিনা এবং সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিও ছিল।
মিছিলে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, মুক্তি মুক্তি চাই, শেখ হাসিনার মুক্তি চাই, মুক্তি মুক্তি মুক্তি চাই রাজবন্দিদের মুক্তি চাই। মহানগর ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব। অবৈধ নিষেধাজ্ঞা মানি না মানবো না শ্লোগান দেওয়া হয়।
মিছিলের ভিডিওটি নগরীর বাইরে পশ্চিম বাবু খা নজরুল পাঠাগারের সামনে আরকে রোডের বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে মিছিলটি ভাইরাল হওয়ার পর তৎপর হয়ে উঠেছে পুলিশ। পুরো নগরী এবং আশপাশে বাড়োনো হয়েছে সাদা ও পোশাকে পুলিশের নজরদারি। কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকার কথা জানিয়েছে মহানগর পুলিশ।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। এটা আমরা পেয়েছি। সকাল থেকে আমরা দেখতেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে। সেটা হলো আগে ভিডিও করা, এখন নাকি তারা ছেড়েছে।
কারণ, আশপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আজকে হয়েছে বা আজকে সকালে হয়েছে এমন কোনো তথ্য আমরা এখনও পাইনি। তবে আমরা এ বিষয় নিয়ে কাজ করছি। ভিডিওটি দেখে পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ক্ষেত্রে নিষিদ্ধ সংগঠনের যাকে যেখানেই পাওয়া যাবে অবশ্যই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কাউক ছাড় দেওয়া হবে না।