ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বাদ মাগরিব এ জানাজা সম্পন্ন হয়।
এর আগে তোফায়েল আহমেদ সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।’
পারিবারিক সূত্র জানায়, ঢাকায় আজ জানাজার পর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।