Image description

চলতি বছরের মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। এ হিসাবে মে মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫ লাখ ডলারের বেশি রেমিট্যান্স।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেশে পাঠান।

মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার, যা মোট রেমিট্যান্সের সবচেয়ে বড় অংশ। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ লাখ ৪০ হাজার ডলার।