নাটোরের বাগাতিপাড়ায় প্রায় সাড়ে ৭ কিলোমিটার রেলপথে বিভিন্ন স্থানে প্রায় ৩ হাজার ৪০০ কংক্রিট স্লিপার ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে রেলপথটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও প্রতিদিন এই পথে আন্তঃনগর, মেইল ও ঢাকাগামীসহ ৩২টি ট্রেন চলাচল করছে।
রবিবার (৩১ মে) ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, সান্তাহার সেকশনের ২২৬/৩ থেকে ২৩৩/০ পিলারের মধ্যে বড়াল ব্রিজ, মালঞ্চি স্টেশন, বড়পুকুরিয়া, ঠেঙ্গামারা, স্বরিপপুর ও ইয়াছিনপুর লেভেল ক্রসিং এলাকায় অসংখ্য স্লিপার ভাঙা। কোথাও নাট-বল্টু খুলে গেছে, কোথাও স্লিপারের ভেতরের লোহার তার বেরি আসছে। কোনো কোনো স্থানে একসঙ্গে চার থেকে পাঁচটি স্লিপারও ক্ষতিগ্রস্থ অবস্থায় দেখা গেছে।
এবিষয়ে স্থানীয় ও রেলকর্মীরা জানায়, দীর্ঘদিন ধরে স্লিপারগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকলেও কার্যকর সংস্কার হয়নি। এতে ট্রেন লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
দায়িত্বপ্রাপ্ত রেল মিস্ত্রি কিরণ সরকার জানান, তার দায়িত্বাধীন এলাকায় প্রায় ৩ হাজার ৪০০ ভাঙা স্লিপার রয়েছে এবং বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ জানান,বিষয়টি তাদের জানা আছে। নতুন প্রকল্পের মাধ্যমে ভাঙা স্লিপারগুলো মেরামত ও রেলপথ সংস্কার করা হবে।