কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, চিঠিটি ভুয়া। এ ঘটনায় অপপ্রচারের অভিযোগ তুলে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি চক্র ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) স্বাক্ষরিত ও সিলযুক্ত বলে দেখানো হয়েছে। সেখানে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অনুষ্ঠিত একটি মিছিল এবং প্রশাসনিক কারণ দেখিয়ে এসপি মো. আনিসুজ্জামানকে বর্তমান দায়িত্ব থেকে অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) রিপোর্ট করার নির্দেশও দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, চিঠিটিতে সরকারি আদেশের স্বাভাবিক কাঠামো অনুসরণ করা হয়নি। এ ধরনের আদেশে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ থাকে এবং বিধি অনুযায়ী বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়। যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন, চিঠিটি জাল।
পুলিশ কর্মকর্তারা বলেন, সম্প্রতি কুমিল্লায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান, সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং স্বচ্ছভাবে কনস্টেবল নিয়োগ কার্যক্রম পরিচালনার কারণে অসন্তুষ্ট কোনো পক্ষ এ ধরনের অপপ্রচার চালাতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, 'অনেকেই আমাকে ওই বিজ্ঞপ্তির বিষয়ে অবহিত করেছেন। এটি পুলিশ সদর দপ্তরের কোনো চিঠি নয়। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে একটি চক্র ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল করেছে।'
বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান গত বছরের ২৯ নভেম্বর কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্প্রতি নতুন কমিটি হলে তাঁকে সরে যেতে হয়।
ঢাকাটাইমস