Image description

আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ সোমবার এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।

এদিন আদালতে শুনানি চলাকালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন৷ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হবে।।

এর আগে দুই আসামিকে কারাগার থেকে আলাদা প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। এরপর তাদের রাখা হয় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। পুলিশ প্রহরায় প্রথমে সকাল ১০টা ৫৫ মিনিটে সোহেলকে এবং পরে ১১টা ৭ মিনিটে স্বপ্নাকে তোলা হয় কাঠগড়ায়। কাঠগড়ায় তোলার পর অসুস্থ হয়ে পড়েন স্বপ্না। এসময় দায়িত্বরত মহিলা পুলিশ সদস্যরা তার মুখে পানি ছিটিয়ে দেন৷ এরপর তিনি কিছুটা স্বাভাবিক হন।

এরপর ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠেন। দিনের শুরুতেই রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার শুনানি শুরু হয়। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। শুনানি চলাকালে বিচারক জানতে চান, আপনারা ঘটনার বিষয়ে দোষী না নির্দোষ? জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। এসময় আসামি সোহেল রানা জানান, তার স্ত্রীর কোন দোষ নেই।