Image description

সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে আজ সোমবার (১ জুন) থেকে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস খুলেছে। এদিন থেকেই এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মে মাসের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন চলতি সপ্তাহে যেন পেতে পারেন, সে লক্ষ্যে কাজ শুরু করেছি। আশা করছি, এই সপ্তাহে পেয়ে যাবেন। তা যদি সম্ভব না হয়, তাহলে আগামী সপ্তাহে মিস হবে না।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে বেতনের চাহিদাপত্র দেওয়ার পর স্বাভাবিকভাবে ৫ কার্যদিবস লাগে। সে হিসেবে এ সপ্তাহে নাও পেতে পারেন। তবে এ সপ্তাহে যেন পেতে পারেন, আমরাই সেই চেষ্টাই করছি।’

জানা গেছে, সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত ২৮ মে। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এর আগেই মে মাসের বেতন দেওয়ার দাবি করেছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারাও চেষ্টা করে শেষ পর্যন্ত দিতে পারেননি। তবে জুন মাসের শুরুর দিকে এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তারা জানিয়েছিলেন।

সে অনুযায়ী, প্রথম কার্যদিবস থেকেই তারা বেতন-ভাতা দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।