Image description

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন।

 

রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৫ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯০ ও হাম উপসর্গ নিয়ে ৪৯৫ শিশুর মৃত্যু হয়েছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৭ জনের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১৩২৪ জন হামের লক্ষণ পাওয়া গেছে।

 

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।

 

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ২০০ জন মারা গেছে এই বিভাগে।

 

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪২৭ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছে রংপুরে।