ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হন।
নিহত আলিমুজ্জামান জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।
এর আগে একই দিন বিকেল ৫টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাজন শেখ (১৮) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)।
পরে স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত রাজন শেখ হামিদ শেখের ছেলে এবং ইব্রাহিম ফকির ওয়াসিম ফকিরের ছেলে। তারা দুজনই জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। ঈদের দিন তারা বাড়ি থেকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে বের হয়েছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরের দিকে যাওয়ার সময় নারানখালী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন নিহত হন এবং আহত ইব্রাহিম পরে হাসপাতালে মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
অপরদিকে ঈদের আগের রাত বুধবার (২৭ মে) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুই যুবক নিহত হন।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৩) এবং বরিশাল সদর উপজেলার জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে চার আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।