Image description

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার আসল কারণ উদ্‌ঘাটন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ‘যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

বুধবার (২৭ মে) বিকেলে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে দলের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘আজ বুধবার ভোরে রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতালে মাত্র ১ থেকে ২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।’

বিবৃতিতে তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসির (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার আসল কারণ উদ্‌ঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’