Image description

কুমিল্লায় কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনায় আসা রাজস্থানি উট ‘সুলতান’ শেষ পর্যন্ত বিক্রি হয়নি। ৩২ লাখ টাকা দাম হাঁকা এই আলোচিত উটটি নেউরা পশুর হাট থেকে আবার নিজ খামারে ফিরিয়ে নিয়েছেন মালিক জুয়েল আহমেদ।

 

বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাফি এগ্রো ফার্মের পরিচালক জুয়েল আহমেদ।

 

এই খামার মালিক জানান, ঢাকাসহ বিভিন্ন এলাকার অনেক ক্রেতা উটটি দেখতে এলেও প্রত্যাশিত দামে কেউ কিনতে রাজি হননি। সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব এলেও তিনি বিক্রি করেননি। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কুমিল্লার মানুষের জন্য ঈদের পর উটটি জবাই করে মাংস বিক্রি করা হবে।

 

জুয়েল আহমেদ বলেন, সুলতান এখন কুমিল্লার মানুষের ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই বাইরে বিক্রি না করে আমরা চাই কুমিল্লার মানুষই এই উটের মাংস খেতে পারুক। ঈদের পর কেজিপ্রতি পাঁচ হাজার টাকা দরে মাংস বিক্রি করা হবে। যত মানুষ নিতে চাইবে, সবাইকে দেওয়ার চেষ্টা করব।

জানা গেছে, ভারতের রাজস্থান থেকে আনা ছয় বছর বয়সী এই উটটির নাম রাখা হয় ‘সুলতান’। বিশাল আকৃতি ও ব্যতিক্রমী সৌন্দর্যের কারণে এটি খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। প্রতিদিন শত শত মানুষ নেউরা পশুর হাট ও খামারে ভিড় করে উটটি দেখতে। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুক-টিকটকে ছড়িয়ে দেন।

 

এর আগে মঙ্গলবার (২৬ মে) দুপুরে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন উটটি দেখতে নেউরা হাটে যান। এরপর থেকেই ‘সুলতান’ নিয়ে আলোচনা আরও বাড়ে।

 

খামার সূত্রে জানা যায়, ‘সুলতান’ অত্যন্ত শান্ত স্বভাবের। ঘাস, খড় ও কাঁটাযুক্ত খাবার খেতে পছন্দ করে। বিশেষ পরিচর্যায় খামারে রাখা হচ্ছিল উটটি।

 

এদিকে উটটি বিক্রি না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, কুমিল্লায় এমন ব্যতিক্রমী পশু প্রথমবারের মতো এত বড় পরিসরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।