চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় মক্তবের দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল বাতেন (৫৫) নামে এক ইমাম ও মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে খুলশীর ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগান নালাপাড়া এলাকা থেকে একজন ব্যক্তি ৯৯৯-এ কল করে অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের ইমাম তার পরিচালিত মক্তবে পড়ুয়া ১১ ও ৭ বছর বয়সী দুই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছেন।
অভিযোগ পাওয়ার পর এলাকাবাসী অভিযুক্তকে মসজিদের ভেতরে আটকে রাখে এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিষয়টি তাৎক্ষণিকভাবে খুলশী থানা পুলিশ-কে জানায়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুদের বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগের ভিত্তিতে আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, কল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
শীর্ষনিউজ