Image description

ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান। প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা ও স্নেহ পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে জানায়, জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এটি।

শনিবার (২৩ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেয়ান। প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় তার উপস্থিতি নজরে আসে। পরে নিরাপত্তা প্রটোকলের মধ্যেই গাড়ি থামিয়ে রেয়ানের দেওয়া ফুল গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

 

সাক্ষাতের পর উচ্ছ্বাস প্রকাশ করে রেয়ান বলে, “সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয়েছি প্রধানমন্ত্রী আমার সাথে সাক্ষাৎ করায়— এটা আমার জীবনের বড় পাওয়া।”

সে আরও জানায়, প্রধানমন্ত্রী তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং নিজের জন্যও দোয়া চান। এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়ে কিশোরীটি।

রেয়ানের পরিবার জানায়, এর আগেও একবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হওয়ায় পুরো পরিবার আনন্দিত।

রেয়ানের মা শুষমিতা জামান বলেন, এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের একটি ঘটনা।

শীর্ষনিউজ