খুলনার দাকোপে র্যাবের গাড়ি থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় র্যাবের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়।
শনিবার (২৩ মে) দুপুরে চালনা পৌরসভার আসাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে দাকোপ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে থানায় নিয়ে আসে। র্যাব সদস্যরা থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, স্থানীয়দের একটি বিক্ষোভ চলাকালে র্যাবের একটি দল দুইজনকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানখালী ইউনিয়নের খোনা গ্রামে ঢাকী নদীর পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণসীমার বাইরের প্রায় ২০ একর জমির ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে রাশেদ কামাল ও তার সহযোগী আব্দুল্লাহ ফকিরের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে থানায় একাধিক সালিস ও পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
শনিবার আসাবুয়া বাজার এলাকায় ওই বিরোধকে কেন্দ্র করে বিক্ষোভ চলছিল। এ সময় র্যাব-৬ এর একটি দল সেখান থেকে রসুল সানি ও মুকুন্দ নামে দুইজনকে আটক করে। পরে বিক্ষোভকারীরা তাদের ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
ঘটনার পর সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন সংবাদ সম্মেলন করে দাবি করেন, পানি উন্নয়ন বোর্ড থেকে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, রাশেদ কামাল ও তার সহযোগী আব্দুল্লাহ ফকির প্রভাব খাটিয়ে নিরীহ গ্রামবাসীর জমি দখল ও হয়রানি করছেন।
অন্যদিকে আব্দুল্লাহ ফকির বলেন, জমিটি তাদের কেনা সম্পত্তি এবং বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তাদের বাধা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শীর্ষনিউজ