Image description

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে এলাকার রাজুর বাড়ির একটি টিনশেড কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) এবং ওই বাসার কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করেছে পুলিশ। নিহত ফারজানা আক্তার রাজধানী ঢাকার মিরপুর বিহারী পট্টি এলাকার আইয়ুব আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজুর বাড়ির টিনশেড কলোনির একটি কক্ষের ভেতর থেকে আগুনে পোড়া তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এ সময় কক্ষটির বাইরে থেকে তালা ঝুলছিল। সন্দেহ হলে স্থানীয় লোকজন টিনের বেড়া কেটে কক্ষের ভেতরে প্রবেশ করেন এবং মেঝেতে ওই গৃহবধূর আগুনে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিলে কোনাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আটককৃত নিহতের স্বামী বাবু দাবি করেন, এই বাসার কেয়ারটেকার রোমানের সঙ্গে আমার স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় আমি আমার স্ত্রীকে রুমে তালাবদ্ধ করে রেখে কোনাবাড়ী বাজারে যাই। এর কিছুক্ষণ পরই খবর পাই যে আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে।

ঘটনাস্থলে কক্ষের ভেতর থেকে একটি কেরোসিন তেলের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড- তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা রহস্য ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারজানা আক্তার নামের এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।