যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার সময় ৫০০ টাকার একটি টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথমবারের মতো কোনো কার্ড এমএফএস ব্যক্তি হিসাবে সংযুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। তবে আগামী ১ আগস্ট থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত হওয়া সাপেক্ষে টোকেন লেনদেন ছাড়াই কার্ড সংযুক্ত করে নিয়মিত ‘অ্যাড মানি’ করা যাবে।
এতে আরও বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখতে হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এসব ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’র সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।