বগুড়ার নবগঠিত সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি ছাত্রদল সাবেক নেতা ও জেলা বিএনপির সহ-সভাপতি পদে আছেন। সরকার নিয়োগ দেওয়ার পর তিনি মঙ্গলবার (১৯ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, গত ১৪ মে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত এক সরকারি গেজেটে ১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া পৌরসভা এবং এর সঙ্গে সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন সম্প্রসারিত ও পার্শ্ববর্তী এলাকার সমন্বয়ে মোট ২১টি ওয়ার্ড নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
এদিকে দায়িত্ব নেওয়ার পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সবাইকে নিয়ে বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত সিটি করপোরেশন হিসেবে গড়ে তুলবেন।