সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনায় রয়েছে একটি ছোট ভিডিও। ভিডিওতে এক যুবকের মুখে বলা সংলাপ ‘রাগ করলা, কথা ঠিক না বেঠিক?’ ইতোমধ্যে ফেসবুক, টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। অনেকে তাকে ‘কবিরাজ’ হিসেবে চিনলেও বাস্তবে তিনি কোনো কবিরাজ নন। তার নাম ঈমান আলী। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। প্রায় দুই যুগ আগে তিনি লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। স্থানীয় বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করে থাকেন।
মঙ্গলবার (১৯ মে) একটি কনটেন্টের শুটিংয়ের কাজে কালিয়াকৈরের একটি রিসোর্টে অবস্থান করছিলেন ঈমান আলী। এ বিষয়ে কথা হলে তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটি ছিল একটি অভিনয়ের অংশ।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে এক ‘গণক’ একজন যুবকের ভাগ্য গণনা করছেন। আর প্রায় প্রতিটি বাক্যের শেষেই তিনি যুবকের কাছে জানতে চাইছেন, ‘রাগ করলা?’। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বিশেষ করে গণকের কথা বলার ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি সব কিছু নেটিজেনদের নজর কাড়ে।
ঈমান আলী বলেন, ‘আমি কোনো কবিরাজ নই। এটি একটি চরিত্র ছিল। অভিনয়ের মাধ্যমে পেশাটিকে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক দিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভিডিওটি মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে বাস্তবের কবিরাজ মনে করছেন। তবে পরিচিতজনরা বলছেন, তিনি মূলত অভিনয় ও কনটেন্ট তৈরির সঙ্গেই জড়িত। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। এ ছাড়া বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কনটেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। ভিডিওতে তার বিশেষ বাচনভঙ্গি, চোখের ইশারা ও সংলাপ বলার ধরন দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে ‘রাগ করলা’ সংলাপটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিভিন্ন ধরনের ট্রল, মিম ও রসিকতায় ব্যবহৃত হচ্ছে সংলাপটি।
নেটিজেনদের অনেকেই বলছেন, সাধারণ একটি সংলাপকে অভিনয়ের ভঙ্গিতে জনপ্রিয় করে তুলেছেন ঈমান আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তার সংলাপ ঘিরে চলছে নানা আলোচনা ও হাস্যরস।