Image description

বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমান থেকে রাজবাড়ীতে ব্যতিক্রমী এক বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ। ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’ এমন হাস্যরসাত্মক স্লোগানে মুখর ছিল পুরো আয়োজন।

 

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করেন গোয়ালন্দ উপজেলার এসএসসি ব্যাচ–১৫ এর বন্ধুরা।

 

মিছিলে অংশ নেওয়া তরুণরা ব্যানার ও ফেস্টুন হাতে সড়কের পাশে অবস্থান নেন। এ সময় তারা নানা ব্যতিক্রমী ও মজার স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না, মানবো না, শাকিলের গোপন বিয়ে’।

 

বন্ধুদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শাকিল শেখ তাদের বিয়েতে দাওয়াত দেওয়ার কথা বলে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপনে বিয়ে সম্পন্ন করলেও বন্ধুদের কাউকে আমন্ত্রণ জানাননি। এতে বন্ধু মহলে অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে সব অভিমান ও হাস্যরসের মধ্যেও নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন বন্ধুরা।

 

বিক্ষোভ মিছিলের অন্যতম আয়োজক আয়নাল আহসান জানান, গোয়ালন্দ উপজেলার এসএসসি–১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিয়মিত যোগাযোগ থাকলেও দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে সম্পন্ন করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেই বিয়েতে বন্ধুদের কাউকে দাওয়াত না দেওয়ায় তারা প্রতীকী এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন।