গভীর সমুদ্রে যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজগুলো থেকে নিজেদের ১১ নাগরিক এবং ২০ ইরানিকে দেশে ফিরিয়ে আনছে পাকিস্তান। আজ শুক্রবার এমন তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি এক্সে দেওয়া এক পোস্টে জানান, শুক্রবার রাতে তাদের সিঙ্গাপুর হয়ে ব্যাংককের মাধ্যমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আনা হচ্ছে। পরে নিজ দেশে ফিরে যাবেন ইরানিরা।
পাকিস্তানের মন্ত্রী বলেছেন, ‘সবাই সুস্থ এবং মানসিকভাবে ভালো অবস্থায় রয়েছেন।’
তারা কোন জাহাজে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ গত মাসে একটি নাজুক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। তবে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার মধ্যে একে অপরের জাহাজ জব্দ এবং নৌ-সংঘর্ষে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান।
যুদ্ধ শুরুর পর ইরান অধিকাংশ জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালি। সাধারণ সময়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় এই প্রণালি দিয়ে।