Image description

বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমেদ। এই লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত ইউএই দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেন তিনি।

এই বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আমিরাত সরকারের আগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আলোচনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।

ক্রিকেটের বাইরেও বাংলাদেশে সোলার এনার্জি ও এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত।

বৈঠক শেষে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেছেন, 'বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমিরাতের মতো একটি দেশের সঙ্গে অংশীদারিত্ব দেশের ক্রিকেটের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।'

তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এবং দেশের ক্রিকেট কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন ইব্রাহিম আহমেদ। আর্থিক দিক থেকে আমিরাত বেশ এগিয়ে বলে তাদের সঙ্গে বিসিবির হাত মেলানো বেশ গুরুত্বপূর্ণ।

ইব্রাহিম আহমেদ আরও জানিয়েছেন, ‘শুধু ক্রিকেট নয়, স্পোর্টসের কেন্দ্র গড়ে তুলেছে আমিরাত৷ তাদের অবকাঠামো অনেক উন্নত। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে অবকাঠামোগত দিকগুলো নিয়ে কাজ করতে।'

এই সময় আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়ের সাফল্যে শুভকামনা জানিয়েছেন।