Image description

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের (২০২৬-২০২৭) ভোটগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে স্থাপন করা বুথে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।

একই নিয়মে বৃহস্পতিবরও ভোটগ্রহণ চলবে।  

 

বরাবরের মত এবারও সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এবার ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১ হাজার ৯৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

তবে এবারের নির্বাচনে প্রাতিদ্বন্দ্বীতার সুযোগ পাচ্ছেন না আওয়ামীপন্থী আইনজীবীরা। বিভিন্ন পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই ছাড়া তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এর আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সাধারণ আইনজীবীদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোকছেদুল ইসলাম। তিনি সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছিলেন।

আওয়ামীপন্থী আখ্যা দিয়ে যে ৪১ জনের মনোনয়ন বাতিল করার অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে মোকছেদুল ইসলামের মনোনয়নপত্রও ছিল।

 

বরাবরের মতো এবারও প্যানেলভিত্তিক নির্বাচন হচ্ছে। বিএনপিপন্থী প্রার্থীরা নীল প্যানেলের প্রার্থী হিসেবে পরিচিত। আওয়ামীপন্থী প্রার্থীরা সাদা প্যানেল থেকে নির্বাচন করে আসছিলেন। এবার জামায়াতপন্থী প্রার্থীরা সবুজ এবং এনসিপিপন্থী প্রার্থীরা লাল-সবুজ প্যানেল থেকে নির্বাচন করছেন।

  

 

বিএনপি ও জামায়াতপন্থীরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও মাত্র ছয় পদে প্রার্থী দিয়েছে এনসিপিপন্থী লাল-সবুজ প্যানেল।

হলুদ প্যানেলের প্রার্থী :

বিএনপি সমর্থিত এই প্যানেল থেকে সভাপতি পদে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য)। তিনি সমিতির বর্তমান সভাপতি। দুটি সহসভাপতি পদে দাঁড়িয়েছেন, মো. মাগফুর রহমান শেখ ও মো.শাহজাহান। এই প্যানেল থেকে সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান দুটি সহ সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সাতটি সদস্য পদে প্রার্থী হয়েছে, এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো.কবির হোসেন, মো.টিপু সুলতান, মো.জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়াওয়াহিদ আফরোজ চৌধুরী।

সবুজ প্যানেলের প্রার্থী : 

জামায়াতে ইসলামী সমর্থিত এই প্যানেল থেকে সভাপতি পদে দাঁড়িয়েছেন আবদুল বাতেন, দুটি সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন, আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে লড়ছেন, এ কে এম রেজাউল করিম খন্দকার। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ সম্পাদক পদে মো.তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন। ৭টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো.জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

লাল-সবুজ প্যানেল: 

এনসিপি সমর্থিত এই প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী নেই। সম্পাদক পদে লড়ছেন, আজমল হোসেন বাচ্চু। দুইটি সহ-সম্পাদক পদের মধ্যে একটিতে প্রার্থী হয়েছেন, মোস্তফা আসগর শরীফী। সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী নেই এই প্যানেল থেকে। সদস্য পদে নির্বাচন করছেন, আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো.বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী।

এসব প্যানেলের বাইরে এবারও সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ নির্বাচন করছেন। এ ছাড়া সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্ধিতা করছেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে।