ফেসবুকে দিগন্ত টিভি নামে একটি পেইজ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, “আগামী ১৮ মে থেকে সম্পূর্ণ রুপে যাত্রা শুরু করবে দিগন্ত টিভি নিউজ পোর্টাল।” তাদের এই নতুন পথচলায় শুভকামনা প্রত্যাশা করে ফটোকার্ড তৈরি করতে পেইজটির ফলোয়ারদের ছবি এবং নাম ইনবক্সে দেওয়ারও আহ্বান জানাতে দেখা গেছে।
কিন্তু যাচাই করে দেখা গেছে, ১৮ মে থেকে দিগন্ত টিভি নিউজ পোর্টাল চালু হওয়ার দাবিটি সত্য নয়। দিগন্ত টিভি চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে ১৮ মে দিগন্ত টিভি নিউজ পোর্টাল চালুর বিষয়ে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। এছাড়া দিগন্ত টিভি নামক পেইজ থেকে পোস্ট করা ফটোকার্ডগুলোর সাথে সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষ্যে তৈরি ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। অর্থাৎ, এশিয়া পোস্টের উদ্বোধনী ফটোকার্ড নকল করে তথাকথিত দিগন্ত টিভি নিউজ পোর্টালের উদ্বোধনী ফটোকার্ড তৈরি করা হয়েছে। এছাড়াও দিগন্ত টেলিভিশন চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন চ্যানেলটির সাবেক প্রডিউসার এবং নিউজ প্রেজেন্টার ওয়াহিদ ফারুকী । তিনি বলেন, “কোনো এক বাটপার হয়তো এটা করছে। আমি তাকে ইনবক্সে মেসেজও দিয়েছি। বলেছি তিনি যদি এসব বন্ধ না করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”