Image description

সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত মোরসালিন ও নবীন হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। তিনি অভিযোগ করে বলেন, ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে? এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন এবং বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। তিনি বলেন, নাগরিক নিরাপদ না, সাংবাদিক নিরাপদ না তাহলে মানুষ কোথায় নিরাপদ?

সীমান্ত আসার সময় নিজের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়েছে। আমাকে বলা হয়েছে তিনজনের বেশি চারজনের বেশি যেতে পারবে না। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না বলে তিনি দাবী করেন।  এ বিষয়ে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে অভিযোগ তোলেন।