দেশে হামের প্রাদুর্ভাব ও হামে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলছেন, প্রতিরোধযোগ্য একটি রোগে এত শিশুর মৃত্যু গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। এ পরিস্থিতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সোমবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ৫৫ দিনে নিশ্চিত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। প্রায় ৭ হাজার শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৪৭ হাজারের বেশি শিশুর মধ্যে দেখা গেছে উপসর্গ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিকে।
তিনি মন্তব্য করেন, সময়মতো টিকা নিশ্চিত করতে ব্যর্থতা, দায়িত্বে অবহেলা কিংবা সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। শিশুদের টিকা থেকে বঞ্চিত করাকে তিনি ‘অমানবিক অপরাধ’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালগুলোয় এ ধরনের রোগের যথাযথ চিকিৎসাসেবা এখনো অপর্যাপ্ত। শিশুমৃত্যুর সংখ্যা বৃদ্ধির পেছনে এটিও একটি কারণ। তাই জরুরিভিত্তিতে চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং এ বিষয়ে সরকারকে বিশেষ নজর দিতে হবে।
শিশুমৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান জি এম কাদের। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবহেলা রোধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শিশুস্বাস্থ্য ও গণটিকাদান কর্মসূচিকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রেখে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।