ঈদের আগেই স্থানীয় সরকার পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ একাধিক পদে আরও ১০০ প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার পর্যায়ে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করার সময় এমন তথ্য জানিয়েছেন দলটির স্থানীয় সরকার পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
তিনি বলেন, আজ আমরা পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণা করেছি। খুব শিগগিরই অন্য সিটি করপোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করবো।
তিনি বলেন, প্রথম ধাপে হাজারের অধিক আবেদন জমা পড়েছিল, আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।
সারজিস বলেন, নাম ঘোষণা চলতে থাকবে। সারাদেশে যারা এনসিপির বিভিন্ন দায়িত্বে আছেন বা অন্য রাজনৈতিক দলের পরিশ্রমী ও গ্রহণযোগ্য যারা দুর্নীতির সঙ্গে ছিল না, যাদের ফ্যাসিজমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা এনসিপি থেকে আবেদনের সুযোগ পাবে।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি এককভাবে নির্বাচনের চিন্তা করছে। জোট হবে কী না, তা নির্বাচনের আগে সিদ্ধান্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।