ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই দেশটির সশস্ত্র বাহিনীকে আরও শক্ত অবস্থানে থেকে শত্রু মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।
প্রতিবেদনে বলা হয়, সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি সম্প্রতি সর্বোচ্চ নেতা খামেনেইয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ইরানের সামরিক বাহিনীর কার্যক্রম ও প্রস্তুতির প্রশংসা করেন।
বৈঠকে খামেনেই “নতুন নির্দেশনামূলক পদক্ষেপ” এবং “শত্রুদের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান অব্যাহত রাখার কৌশল” নিয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে। তবে এই নির্দেশনার বিস্তারিত বা বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব সিদ্ধান্ত ভবিষ্যৎ নিরাপত্তা কৌশল ও সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে খুব বেশি জনসমক্ষে দেখা যায়নি। তার বক্তব্য ও নির্দেশনাগুলো মূলত রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা সূত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
শীর্ষনিউজ