Image description

মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। তবু বিশ্ব মা দিবস এলে মাকে ঘিরে আবেগ আর স্মৃতিগুলো যেন আরো বেশি নাড়া দেয়। ঠিক তেমনই মা দিবসে প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেতা জানিয়েছেন, ১৯৯৫ সালে তিনি ও স্ত্রী মৌসুমী বিয়ের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

তখন তিনি ডিওএইচএস মহাখালীতে থাকতেন। পরিবার বিষয়টি কিভাবে নেবে, তা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও তার মা-ই সাহস করে এগিয়ে এসেছিলেন।

 

ওমর সানীর ভাষ্য, তার মা নিজেই কাজি ডেকে বিয়ের আয়োজন সম্পন্ন করেছিলেন। সেই স্মৃতি মনে করে অভিনেতা জানান, এর পর থেকে আজ পর্যন্ত তারা এক সঙ্গেই আছেন।

 

May be an image of one or more people, people smiling and text

২০০০ সালের ২৩ মে মাকে হারান এই অভিনেতা। মে মাসের ৬ তারিখ তার জন্মদিন হলেও মায়ের মৃত্যু মাস হওয়ায় দিনটি উদযাপন করতে ভালো লাগে না বলে জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য।

মা আমি তোমাকে অনেক মিস করি।’

 

গত বছর মা দিবসে ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনাও গণমাধ্যমে শেয়ার করেন তিনি। অভিনেতা জানান, একবার শুটিং করতে গিয়ে চাবুকের আঘাতে তার পিঠ লাল হয়ে গিয়েছিল। জ্বর আসে। রাতে বাসায় ফেরার পর ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা।

এমনকি পরিচালকের ওপরও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

 

সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে ওমর সানী জানিয়েছিলেন, শরীরের অবস্থা দেখে আমার সহকারীকে ডাকেন মা। চিৎকার করে বলতে থাকেন, কী হয়েছে আমার ছেলের? এই ছবির পরিচালক কে? তারে ডেকে নিয়ে আসো। আমার ছেলের এই অবস্থা কেন করছে? নায়িকাই-বা কে ছিল, কেন এভাবে আঘাত করেছে? বোনদের ডেকে অস্থির, এক পর্যায়ে মা কাঁদতে থাকেন। তারপর মাকে বুঝিয়ে শান্ত করা হয়।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের প্রতিটি কঠিন সময়ে তার মা ছায়ার মতো পাশে ছিলেন বলে জানান ওমর সানী। মা দিবসকে ঘিরে পুরনো সেই স্মৃতিগুলোই আবারও তাকে আবেগাপ্লুত করে তুলেছে।