শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাজুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় তিনি বলেন, আপনারা যে আশা ও ভালোবাসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি সেই আশা পূরণে সবসময় কাজ করে যাব।
শুক্রবার (৮ মে) ভেদরগঞ্জ থানার সাজনপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন ঢাকা-১৮ সংসদ সদস্য অ্যাডভোকেট শওকতারা উর্মি ও সংরক্ষিত নারী আসন-৩৩ ফাহমিদা হক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর হক। তারা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সাজনপুর স্কুলের খেলার মাঠে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দেন তিনি।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন হুইপ অপু। উদ্বোধনকালে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়া ভেদরগঞ্জ উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অপু বলেন, ভেদরগঞ্জের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। শিক্ষা, ক্রীড়া, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি আধুনিক ও সমৃদ্ধ ভেদরগঞ্জ গড়তে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে অপু বলেন, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আজকের এই চারা একদিন বড় হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পরিবেশ উপহার দেবে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।
দুস্থ পরিবারের মাঝে সহায়তা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে অপু বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার দিকেও গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহব্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।